
বীমা গ্রাহকদের দ্রুত দাবি পরিশোধের লক্ষ্যে বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে শরীয়তপুর অঞ্চলের গ্রাহকদের প্রায় ৩ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি।
সোমবার (২১ সেপ্টেম্বর) শরীয়তপুর সদর এলাকার দুবাই প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব বীমা দাবির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) সৈয়দ মোতাহার হোসেন এবং প্রকল্প ইনচার্জ মো. জিয়া উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া।
এ সময় কোম্পানির বিভিন্ন প্রকল্পের ইনচার্জ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পপুলার লাইফের পক্ষ থেকে বলা হয়, গ্রাহকদের বীমা দাবি দ্রুত পরিশোধের মাধ্যমে তাদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা ও আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।




