
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, চোলাইমদ, বিদেশি মদ ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে এই তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৪৯৬ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭৭ জন, পূর্ববর্তী মামলায় ১০৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪১ জন রয়েছেন।
এ ছাড়া পরোয়ানামূলে ১২৯ জন, সাজা পরোয়ানামূলে ১৭ জন, মাদক মামলায় ৯৬ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক মামলায় গ্রেপ্তার ৯৬ জনের মধ্যে একজন মাদক বহনকারী এবং ৯৫ জন মাদকসেবী রয়েছেন। এসব অভিযানে মাদক ব্যবসায়ীসহ মোট ১৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার ৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
এ সময় ৩১টি মাদক মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ৪ হাজার ২৬৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৯৬ লিটার চোলাইমদ, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ বোতল বিদেশি মদ, ৯৫ বোতল স্কাফ সিরাপ, ৩৭ ক্যান বিয়ার ও ১০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।




