
বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয় কর্তৃক পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিবগঞ্জ থানার চাঞ্চল্যকর শিশু অপহরণ মামলার ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার সংক্রান্তে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার, মহোদয় বলেন, শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের মোঃ রুবেল হোসেনের ১১ মাসের শিশু সন্তান নাফিজকে ঘুমন্ত অবস্থায় ঘরে রেখে তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে বাদীর প্রতিবন্ধী ভাতিজী একই তারিখ বেলা ১১:০০ ঘটিকায় শিশুটিকে নিয়ে বাজারে কেক কিনতে যাওয়ার পথে হাজারবিঘী চাঁদপুর ওয়াক্তিয়া মসজিদের সামনে থেকে অজ্ঞাতনামা এক বোরখা পরিহিতা মহিলা শিশুটিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করলে শিবগঞ্জ থানার মামলা নং-৪০/৩৬৯, তারিখ-২২/০৯/২০২৬ খ্রি., ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ৭/৩০ রুজু করা হয়।
মামলাটি রুজুর পরপরই অফিসার ইনচার্জ, শিবগঞ্জ থানার সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্ত তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোসাঃ সুজিআরা বেগম (৩৫), পিতা-মোঃ হাসেন আলী, সাং-হাজারবিঘী, থানা-শিবগঞ্জ ২। মোঃ মানিকুজ্জামান (৩২), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-হাজারবিঘী চাঁদপুর, থানা-শিবগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে সদর মডেল থানাধীন শিবতলা এলাকার একটি ভাড়া বাসা হতে অপহৃত ভিকটিম শিশু নাফিজ (১১ মাস) কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সর্বদা সজাগ ও বদ্ধপরিকর।




