
সাতক্ষীরায় বাইপাস সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানভীর আহমেদ শুভ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর আহমেদ শুভ সাতক্ষীরা শহরের থানাঘাটা এলাকার মো. আব্দুর রশীদ ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে। তিনি থানাঘাটা ঈদগাহ মোড়ের ‘শুভ মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শুভ মোটরসাইকেল নিয়ে বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
শুভর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর ভাষ্য, শুভ ছিলেন নম্র, ভদ্র ও সদালাপী। অল্প বয়সেই তিনি স্থানীয়দের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




