
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং প্যাকেটজাত খাদ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে ইসলামিয়া বেকারিকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা, বিনিময় বেকারিকে ১০ হাজার টাকা এবং ফ্রেন্ডস বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বেকারি প্রতিষ্ঠানগুলোতে প্যাকেটজাত খাদ্যপণ্যের নিবন্ধন না থাকা, প্যাকেটে অগ্রিম উৎপাদনের তারিখ ব্যবহার এবং খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়াল এবং বরিশাল বিএসটিআই ফিল্ড অফিসার নিলয় দাস। অভিযানে সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।
বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়াল বলেন, “জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে কোনো ধরনের অনিয়ম কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




