
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ রাখার দায়ে দুটি মেডিকেল হলকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নেত্রকোণা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর কৃর্তৃক পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। অভিযানে হাজী মেডিকেল হল ও বিসমিল্লাহ মেডিকেল হল-এ ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ পাওয়া যায়। পরে উভয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় নেত্রকোণা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শামিম হোসেন ও তাঁর টিম উপস্থিত ছিলেন।
অভিযানে ঔষধ ব্যবসায়ীদের ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি, বিক্রয়ের উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন না করার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের ক্ষেত্রে প্রচলিত আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ সাধারণভাবে বিক্রয়ের জন্য নয়। এগুলি চিকিৎসকদের দেওয়া হয় গরীব অসহায় রোগীদের মাঝে বিনামুল্যে বিতরণের জন। এ ধরনের ঔষধ বিক্রি বা মজুত যাতে না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। আইন অমান্য করে এ ধরনের ঔষধ বিক্রি বা সংরক্ষণ করা হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(গ) ধারা অনুযায়ী ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি কিংবা প্রযোজ্য ক্ষেত্রে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন করা নিষিদ্ধ।




