
গাজীপুরের একটি আঞ্চলিক সড়কে মাছের ড্রাম ভর্তি ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাযাত্রী তিনজন নিহত এবং অপর তিনযাত্রী আহত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে মহানগরের ধীরাশ্রম জিকে আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে জয়দেবপুর-বনমালা-টঙ্গী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মহানগরের হায়দারাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন (৪২) এবং একই এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪)। অপরজন অজ্ঞাত (৬০)। আহতরা হলেন আব্দুল মোতালেব, আল আমীন ও রুবেল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গী থেকে জয়দেবপুরগামী মাছের ড্রাম ভর্তি ট্রাকের সাথে বিপরীত দিকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুসড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটোরিকশার দু’জন মারা যায়। বাকির যাত্রীরাও আহত হন। তাদের হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত আরেক জনের মৃত্যু হয়।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ ফরহাদ হোসেন জানান, দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে এ হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিনজন মৃত ও দুইজন আহত। আহত দুইজনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রুবেল হোসেনকে ঘটনাস্থল থেকে স্বজনরা ঢাকায় হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
সদর মেট্রো থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ধীরাশ্রম এলাকায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। হতাহতরা অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, ট্রাকচালককে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক চালকের নাম মোহাম্মদ শহীদ আলী সরমান (৩২)। তিনি বরিশালের বিমানবন্দর থানার মধ্যম পাংশা এলাকার মৃত শাহাদ আলী সরমানের ছেলে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




