
দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুরপাড়ার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ও চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে জেলা ও বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে থাকার ঘোষণা দেন।
এ সময় মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. কুতুবউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু, সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




