
গাজীপুরে দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে অপরাধ দমনে নিষ্ঠা ও সর্বোচ্চ আন্তরিকতা দেখানোর আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার তাহেরুল হক চৌহান।
বুধবার দুপুরে জিএমপি সদর দপ্তরের সভা কক্ষে আয়োজিত এক বদলিজনিত বিদায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি ডিবি) অরূপের বদলি উপলক্ষে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বক্তব্যে জিএমপি কমিশনার বিদায়ী কর্মকর্তা এসি ডিবি অরূপকে তার নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করার পরামর্শ দেন। একই সঙ্গে পুলিশের ভাবমূর্তি ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) জাহিদ ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) শাকিল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) অশোক কুমার পাল।
আলোচনা সভা শেষে বিদায়ী কর্মকর্তা এসি ডিবি অরূপকে জিএমপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।




