
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও কন্টেনারবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর বাসের চাপায় আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি কন্টেনারবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পথচারী আকরাম বিশ্বাসকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আকরাম বিশ্বাসকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গেড়াখোলা ব্রিজ এলাকায় ওয়েকাম পরিবহনের একটি বাস ও কন্টেনারবাহী গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাসের চাপায় এক পথচারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




