
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপির সঙ্গে আলোচনা করে ওই তারিখ চূড়ান্ত করেন। এ সময়ে বাউবি'র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
তথ্য ও জনসংযোগ দপ্তরের যুগ্ম পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন পাইক বলেন,মন্ত্রী ২৮ অক্টোবর বাউবি'র গাজীপুরস্থ ক্যাম্পাসে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন।
বুধবার সাক্ষাৎকালে উপাচার্য ও শিক্ষামন্ত্রী দেশের উচ্চশিক্ষায় শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ, উন্মুক্ত ও দূরশিক্ষার মাধ্যমে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমের প্রসার এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন। এ সময় দেশের পরিবর্তিত শিক্ষা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাউবির শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব সেবা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।




