
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ বলেন, সমাজের বিবেক হচ্ছে সাংবাদিকরা। সমাজের প্রকৃত চিত্র ও সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরকারের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।
এসব বিষয় সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের বিবেক-বুদ্ধি, চেতনা, পরামর্শ অত্যাবশ্যক। সভায় সাংবাদিকদের যৌক্তিক দাবী ও পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং তিনি বলেন, পেশাগত কার্যক্রম গতিশীল করতে সার্বিক সহযোগিতা করা হবে।
বুধবার বিকেল ৩টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে স্থানীয় কয়েকটি প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এলাকার উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা দরকার। এ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান, আলহাজ্ব আশরাফুল ইসলাম, মোঃ অহিদুল হক, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সুরুজ আলী, মাহামুদুল হাসান মেমন, মোঃ হযরত আলী, মাহবুবুর রহমান, অমর ডি কস্তা প্রমুখ।




