
‘দুর্নীতিকে না বলি, দুর্নীতিমুক্ত সমাজ গড়ি’ এই প্রত্যয়কে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রায়পুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রায়পুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ছাব্বির আহম্মেদ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামরুল ইসলাম এবং চাঁদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিদর্শক অভিজিৎ দে।
দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় রায়পুর উপজেলার চর আবাবিল রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং রোকেয়া হাসনাতের নেছা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতির কারণ, এর সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষতিকর প্রভাব এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা জরুরি। বিতর্ক প্রতিযোগিতার মতো আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও দুর্নীতিবিরোধী চেতনা তৈরি করা সম্ভব।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




