
নওগাঁর পোরশায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রোপণ করা ও সংরক্ষণের আওতাভুক্ত ১৬টি শিশু গাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত ৩০ আগস্ট উপজেলার ফকিরের মোড়-বড়গুন্দইল দাখিল মাদ্রাসা-সংলগ্ন রাস্তার পাশে এ গাছ কাটার ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরেজমিনে তদন্ত করে দ্রুত আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএমডিএ পোরশা জোনের সহকারী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা আইনুল হক।
আবেদন সূত্রে জানা গেছে, পোরশা উপজেলার বড়গুন্দইল গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে তৈয়বুর রহমান, মৃত আবদুল খাতের মণ্ডলের ছেলে আমিনুল ইসলাম এবং মীর কাশেম দিনের আলোতে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই প্রকাশ্যে সরকারি এসব গাছ কেটে ফেলেন। পরে গাছগুলো বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনকারী আইনুল হক জানান, সরকারি সম্পত্তি ও বনায়ন বিনষ্টকারী এ বেআইনি কর্মকাণ্ডের ফলে এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে। পাশাপাশি সরকারি সম্পদের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় তিনি তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সরকারি বনায়নের গাছ এভাবে প্রকাশ্যে কেটে ফেলা অত্যন্ত উদ্বেগজনক। তারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম আরও বৃদ্ধি পাবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত দায়িত্বে থাকা বিএমডিএ পোরশা জোনের সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




