
নওগাঁর মান্দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় অবস্থিত মান্দা মডেল কলেজে এ পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের সভাপতি সদেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনায়েতপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক।
নবীন শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভর্তি কমিটির আহ্বায়ক ও কলেজের সহকারী অধ্যাপক মোহা. শামসুজ্জোহা। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী ও একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল বলেন, ১৯৯৮ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। সে সময় এর নাম ছিল ‘মান্দা কৃষি ও কারিগরি কলেজ’। পরে ২০০৪ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষক-কর্মচারী মিলিয়ে মোট ৪৭ জন স্টাফ রয়েছেন এবং শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক।
তিনি আরও জানান, বিগত অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে কলেজটির নাম পরিবর্তন করে ‘মান্দা মডেল কলেজ’ করা হয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, উচ্চশিক্ষার ভিত্তি গড়ে ওঠে কলেজজীবন থেকেই। নিয়মিত ক্লাসে উপস্থিতি, অধ্যবসায় ও শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।




