
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইয়াবা বিক্রি ও সেবনের অভিযোগে মোশারফ হোসেন (৩০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন পাকুন্দিয়া উপজেলার আগরপাট্টা পাড়ার আলম মিয়ার ছেলে।
জানা গেছে, ইয়াবা বিক্রি ও সেবনের পাশাপাশি রিপন নামে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে আক্রমণের অভিযোগ রয়েছে মোশারফের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পাকুন্দিয়া থানার এসআই মো. সেলিম হোসাইন রকি ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোশারফ হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস।




