
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কথিত প্রেমিকার পক্ষ নিয়ে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খন্দকারের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল।
এর আগে, গত মঙ্গলবার দুপুরে উপজেলার নারকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ে মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থীর নাম সুমন মোল্লা (১৩)। সে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগী সুমনের অভিযোগ, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ তুলে সাজ্জাদ খন্দকার স্কুলে ঢোকেন। পরে তাকে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয়।
সুমন জানায়, ঘটনার পর ওই ছাত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তাকে উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করে। বিষয়টি বুঝতে পেরে সাজ্জাদ তাকে ঘটনা কাউকে না জানাতে ভয়ভীতি ও হুমকি দেন। পরে তিনি স্কুল থেকে চলে যান।
ঘটনার পর বিষয়টি নিয়ে সংগঠনের মধ্যে আলোচনা হলে সাজ্জাদ খন্দকারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সাজ্জাদ খন্দকারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এদিকে স্কুলে ঢুকে একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সুমনের খালু সায়েম কাজী।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিরাপদ স্থান। সেখানে ঢুকে একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া দরকার।




