
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুবিধা বঞ্চিতদের মাঝে বিশেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
রবিবার সকালে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও জনকল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা রেসিডেন্সিশাল স্কুল মাঠে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দেড়-শতাধিক স্থানীয় পাহাড়ি-বাঙ্গালীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।
এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম ও মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের বিভিন্ন ক্লাস রুম পরিদর্শন শেষে স্কুল ভবন মেরামতের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল পিএসসি.জি।
দুস্থ ও অসহায় মানুষের জন্য এমন জনকল্যাণ মূলক কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা জোন অধিনায়কসহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপকার ভোগিরা।
মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল পিএসসি.জি বলেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মাসুদ খানের নির্দেশনা মোতাবেক শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আর্ত-মানবতার সেবায় কাজ করছে মাটিরাঙ্গা জোন। মাটিরাঙ্গার অসহায় দুস্থ ও পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নত স্বাস্থ্য সেবা এবং পারস্পরিক অবস্থা নিশ্চিত করতে আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উচ্চপদস্ত সামরিক কর্তকর্তা, মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।




