
শাশুড়িকে সম্মান করার কথা বলায় রংপুরের পীরগাছায় পিতা মহুবার রহমান (৫৫)কে বুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছেলে হাসানুর রহমান (২২)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, স্থানীয় মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মহুবার রহমানের ছেলে হাসানুর রহমানের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল না। শুক্রবার সকালে হাসানুরের শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসেন। কিন্তু জামাই হাসানুর তার শাশুড়িকে বসতে বা খেতে বলেননি।
এ নিয়ে জটিলতা তৈরি হলে পিতা মহুবার রহমান ছেলে হাসানুরকে শাশুড়িকে সম্মান দিয়ে ভাত খেতে বলার নির্দেশ দেন। কিন্তু হাসানুর তা না মানায় মহুবার রহমান তাকে একটি থাপ্পড় দেন।
ওসি জানান, শাশুড়ির সামনে বাবার হাতে থাপ্পড় খাওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি হাসানুর। একপর্যায়ে পাশে থাকা একটি ছুরি এনে বাবার বুকে ঢুকিয়ে দেয় সে। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মহুবার রহমানের মৃত্যু হয়।
এ ঘটনায় হাসানুরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেছেন।




