
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাথমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া চৌরাস্তায় সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভার মধ্যদিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি রাতুল ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিএনপি নেতা মোহাম্মদ আলী ভূইয়া, হেলাল উদ্দিন প্রামাণিক প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচিতি পর্ব শেষে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত। পাঠদানের মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয় থেকেই। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা, পরিবেশ সচেতনতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও শিক্ষাবান্ধব রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিজ বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত গাছের পরিচর্যা করার জন্য উৎসাহিত করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রাশেদ মিয়া। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




