
বাগেরহাটের চিতলমারীতে হাতি নিয়ে রাস্তা অবরোধ করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
পথচারী চাণক্য বাড়ৈ জানান, শনিবার ( ২৬ সেপ্টেম্বর) দুপুর তিনটার সময় তিনি বাগেরহাট পাটগাতী প্রধান সড়ক দিয়ে ইজি বাইকযোগে গোপালগঞ্জ যাচ্ছিলেন।
এ সময় উপজেলার সন্তোষপুর গ্রামের কাছে পৌঁছালে হাতি দিয়ে তাদের গাড়ি অবরোধ করা হয়। যাত্রীদের কাছে হাতির খাবারের জন্য টাকা চাওয়া হয়। যাত্রীরা দশ-বিশ টাকা দিলে হাতির মাউত সেটি নিতে রাজি না হয়ে অধিক টাকা দাবি করেন।
এসময় সে হাতি দিয়ে লোকজনকে মেরে ফেলার ভয় দেখিয়ে অর্থ আদায় করছেন বলে অভিযোগ করেন। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আর্কষণ পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে হাতির মালিকের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে চিতলমারী থানার ওসি মো. শহিদুর রহমান জানান, হাতি নিয়ে চাঁদাবাজি করার কোন নিয়ম নেই। কেউ যদি এ জাতীয় কাজ করে থাকে তাহলে থানায় লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।




