
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নম্বর শিয়ালকোল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার ( ২৯ সেপ্টেম্বর) সকালে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরে আলম কার্যক্রমের উদ্বোধন করেন। তাঁর প্রত্যক্ষ তদারকিতে ইউনিয়ন পরিষদ কার্যালয় ও আশপাশের নালা-নর্দমা, জঙ্গল এবং জমে থাকা পানি পরিষ্কার করা হয়। পাশাপাশি মশানাশক স্প্রে প্রয়োগ করা হয়।
উদ্বোধনকালে প্রশাসক নূরে আলম বলেন, ডিসেম্বর পর্যন্ত এডিস মশা নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত থাকবে। এর ধারাবাহিকতায় শিয়ালকোল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদ ও শিয়ালকোল বাজারের যেসব স্থানে পানি জমে থাকে, সেসব স্থান থেকে পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করা হবে। এ কাজে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরাও সহযোগিতা করবেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হবে এবং ইউনিয়ন পরিষদে সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন শিয়ালকোল গড়াই আমাদের লক্ষ্য। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।’
এ সময় শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নাজমুল হুদা, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম সেখ, আশরাফুল ইসলাম, আরিফুল ইসলাম লিটন, রেহানা খাতুন, তারা বানু, ফরিদা খাতুন, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. এনামুল হকসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, কর্মচারী ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




