
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিষিদ্ধ কার্যক্রম সংগঠন উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন মন্ডল জীমকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ সাদুল্লাপুর পশ্চিমপাড়ার তালের তল নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে।তবে পুলিশ তাৎক্ষনিক ভাবে তাকে আটকের সঠিক কোনো কারণ জানাতে পারেনি।
আটক মনোয়ার হোসেন মন্ডল জীম উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ডিপটি মণ্ডল।তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সহসভাপতি।
পুলিশ জানায় , সন্ধ্যার দিকে উপজেলা শহরের তালের তল এলাকায় মনোয়ার হোসেন মণ্ডল জীম অবস্থান করছিলেন।এখবর জানতে পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে। এরপর আইনী প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।



