
সাতক্ষীরার দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সখিপুর বাজারসহ বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে বিভিন্ন আঙিনা ও ড্রেন পরিষ্কার করে মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত ড্রেন ও নালা পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তারের উপযোগী স্থান দ্রুত পরিষ্কার করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য মোখলেসুর রহমান, ‘আমাদের টিম’-এর পরিচালক শেখ মনি এবং গ্রাম পুলিশ সদস্যরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। এ জন্য নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।




