
পাবনার ভাঙ্গুড়ায় সরকারি ও বেসরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সুশাসন জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার খান মরিচ ইউনিয়নের বৃদ্ধা মরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০ টায় নাগরিক সমাজের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় বাংলাদেশ রুরাল ইকনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করে ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
কমিউনিটি স্কোরকার্ড ও গণশুনানি বাস্তবায়ন কমিটির সভাপতি শ্রী জ্ঞানেন্দ্র নাথ মুরালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শামীম হাসান।
ভাঙ্গুড়া উপজেলা আদিবাসী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শ্রী রনজিৎ বসাকের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রেড-এর প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান, মিচমেথুইর দুর্গা মন্দিরের সভাপতি ডা. দুলাল সরকার, গ্রাম প্রধান শ্রীবাস মুড়রী, শ্রী নিখিল বসাক, করতকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী অমৃত সরকার এবং স্থানীয় কমিউনিটি সদস্য অনিতা রানী।
অনুষ্ঠানের উন্মুক্ত গণশুনানি পর্বে অতিথিদের কাছে বিভিন্ন সেবার মান, প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা এবং জবাবদিহিতা নিয়ে নানা প্রশ্ন তুলে ধরেন এলাকাটির সাধারণ সেবাগ্রহীতা কৃষ্ণ বসাক, বৃষ্টি রানী, গান্ধী বসাক, সনজিৎ সিং ও নওমী রানীসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, সরকারি-বেসরকারি সেবার মান বৃদ্ধিতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একই সাথে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা সহজে পেতে পারে।
উক্ত আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান বাংলাদেশ এবং খ্রিস্টান এইড-এর অর্থায়ন ও সহায়তার পাশাপাশি সার্বিক সমন্বয়ে ছিলেন ব্রেড-এর হিসাব রক্ষক আবুল কালাম আজাদ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবুজর গিফারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় আদিবাসী নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।




