
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজনগর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রাজনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আটটি ইউনিয়ন থেকে বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলন ও সাধারণ সম্পাদক আব্বাস আলী। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি কবির মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেব বিএনপি নেতা জামি আহমদ এনামুল হক চৌধুরী নাহাস ও জুবায়ের আহমদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জুবায়ের আহমদ চৌধুরী রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতা মাহবুব আল জামাল উপজেলা যুবদলের সদস্যসচিব শেখ মোহাম্মদ রুকন আহমেদ যুবদলের আহ্বায়ক জসেফ খান বিএনপি নেতা এনামুল হক চৌধুরী ও উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলন। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলন বলেন, রাজনগরের শেষ সীমান্ত ও কমলগঞ্জ উপজেলার কিছু এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর শুনেছি। কারও প্ররোচনায় এ ধরনের মিছিলে জড়াবেন না, নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না। অতীতে আওয়ামী লীগের অনিয়ন্ত্রিত রাজনীতির কারণে বিএনপির অনেক নেতাকর্মী হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন আমরা তা ভুলে যাইনি। তাই স্পষ্ট করে সতর্ক করে দিচ্ছি রাজনগরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সমাবেশে বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজনগরের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।




