
‘শ্রমজীবী মানুষের অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আজিজনগর এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মো. ইকবাল হোসাইন, ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল হাসেম বাদল এবং কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ড. মো. জিয়াউল হক।
তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনে ৩ নম্বর তেঁতুলিয়া সদর ইউনিয়ন সেক্রেটারি জয়নাল আবেদীনসহ স্থানীয় চা শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে চা শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তারা নানা ক্ষেত্রে কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের ন্যায্য পাওনা, অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা।
এ সময় শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।




