
রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে হাসানুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার তাম্বুলপুর বাজারে ‘আইন ও অধিকার ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা মাহাবুর রহমান ওরফে মহুবার (৫৫) তাঁর ছেলে হাসানুর রহমানের (২২) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বক্তারা বলেন, পিতা-মাতার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে সম্পদলোভী ও নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ফারুকুল ইসলাম রাখু ও রুবেল মিয়া, স্থানীয় বাসিন্দা শাহ আলম এবং আইন ও অধিকার ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি অবসরপ্রাপ্ত সৈনিক সবুজ মিয়া। এ সময় স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, হাসানুর রহমান পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




