
ঝালকাঠির রাজাপুরে টাইলস মিস্ত্রি মেহেদী হাসান ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে গালুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য দেন সোহেল শরীফ, রুহুল আমীন শরীফ, আইউব আলী শরীফ, হনুফা বেগম ও জিহাদ হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মেহেদী হাসান ও তাঁর পরিবারের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. সাইফুল ইসলাম ও পরিচ্ছন্নতাকর্মী মোছা. সালমা বেগমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্তের দাবিও জানান আন্দোলনকারীরা।
বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত তদন্ত শেষ করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বক্তারা।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর রাতে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে মেহেদী হাসান ও তাঁর পরিবারের বসতঘরে হামলার ঘটনা ঘটে। এতে পরিবারের পাঁচ সদস্য আহত হন। এ সময় ১৪ বছর বয়সী এক কিশোরকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।




