
মৌলভীবাজারকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, সরকারি কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সভায় উত্থাপিত বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। জেলা পর্যায়ের পর পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সমস্যা চিহ্নিত করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে নিজের প্রথম অগ্রাধিকার উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকলে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও বিনিয়োগের পরিবেশ আরও গতিশীল হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করা হবে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে মানুষের অগ্রাধিকার ও প্রয়োজনগুলো চিহ্নিত করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগসহ মৌলিক অবকাঠামোর উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান। একই সঙ্গে প্রবাসে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে তরুণদের বিদেশি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে একটি টাস্কফোর্স গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মাদকবিরোধী কার্যক্রমে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে।
এ সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কার্যক্রমসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার কথাও জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, আগামী এক মাসের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী সময়ে অগ্রগতি যাচাই করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মৌলভীবাজারকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ ও মো. মুজিবুর রহমান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান ও উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. মিজানুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল করিম ময়ূন ও সদস্য সচিব আবদুর রহিম রিপনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




