কামরান হাবিব, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ জন এবং আহত হয়েছেন প্রায় ১০ জন। ঘটনার সুত্রে জানা যায় পাটগ্রাম থেকে বুড়িমারীগামী একটি ডাম্পার ট্রাক ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত আরেকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আহতের সংখ্যা নিয়ে তাঁর বক্তব্যে ছয়জনের কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, স্থানীয় সূত্রে আহতের সংখ্যা ১০ জন বলে জানা গেছে।




