
বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীচাহিদা ও মাঠপর্যায়ের মতামতের ভিত্তিতে ৮০৯/৮১০ নম্বর ট্রেনটির যাত্রাবিরতির এ অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে গত ১৭ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, যাত্রীচাহিদা ও মাঠপর্যায় থেকে পাওয়া মতামতের আলোকে বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনে ৮০৯/৮১০ নম্বর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হয়েছে।
রেলওয়ের এ সিদ্ধান্ত কার্যকর হলে সোনাতলা ও আশপাশের এলাকার যাত্রীরা আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেসে সরাসরি যাতায়াতের সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে ট্রেনটির যাত্রাবিরতির প্রত্যাশা করে আসছিলেন স্থানীয় যাত্রীরা।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সোনাতলা উপজেলার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে ট্রেনটির যাত্রাবিরতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
তবে বর্তমানে প্রকাশিত বুড়িমারী এক্সপ্রেসের সময়সূচিতে সোনাতলা রেলওয়ে স্টেশন যাত্রাবিরতির তালিকায় নেই। নতুন অনুমোদন কার্যকর হওয়ার পর ট্রেনটির সময়সূচিতে সোনাতলা স্টেশন যুক্ত হওয়ার কথা রয়েছে।
রেলওয়ের চিঠিতে সোনাতলা স্টেশনে কবে থেকে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি কার্যকর হবে, ট্রেনটি কখন পৌঁছাবে ও ছেড়ে যাবে এবং কত মিনিটের যাত্রাবিরতি থাকবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
ফলে যাত্রাবিরতির অনুমোদন মিললেও সোনাতলা থেকে বুড়িমারী এক্সপ্রেসে যাত্রী ওঠানামা কবে শুরু হবে, তা জানতে রেলওয়ের পরবর্তী সময়সূচি বা নির্দেশনার অপেক্ষায় থাকতে হচ্ছে স্থানীয় যাত্রীদের।




