
মাদারীপুর শহরের পুরানবাজার এলাকায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। এ সময় ভোক্তা অধিকারের অভিযানের খবর শুনে মুদি দোকান, সারের দোকান, পলিথিনের দোকানের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। অভিযানকালে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের অপারাধে দুই দোকানদারকে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান শেষ করে যাওয়ার পরে ব্যবসায়ীরা পুনরায় দোকানগুলো খুলে রাখে। এ সময় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্গ বিরাজ করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরানবাজার এলাকার কসমেটিকস এর দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কসমেটিকস এর দোকানে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কিছু পাওয়া যায়। পরে ওই নিষিদ্ধ কসমেটিকস সকলের সামনে নষ্ট করা হয়। এ সময় আনিকা এন্টারপ্রাইজের মালিক মো. সুমন সরদারকে দশ হাজার টাকা এবং মা স্টোর এর মালিক আলহাজ¦ মো. ফেরদাউস ঢালীকে দশ হাজার করে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, শহরের পুরানবাজার এলাকায় আমরা কসমেটিকসের দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় দোকানের কিছু স্কিন ক্রিম পেয়েছি যা বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ। ক্ষতিকারক উপাদান থাকায় ক্রিমগুলোকে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ করেছে। যার ব্যবহার মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। পরে ক্রিমগুলো নষ্ট করে ফেলা হয়। এ সময় দুটি দোকানের মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।




