
রংপুরের পীরগাছায় বাবাকে ছুরির আঘাতে হত্যার ঘটনার দুই দিন পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ছেলে হাসানুর রহমান (২২)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।
নিহত মাহাবুর রহমান মহুবার (৫৫) উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মাহাবুর রহমান
মহুবার এর সঙ্গে ছেলে হাসানুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসানুর তাঁর বাবার বুকে ছুরির আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মাহাবুর রহমান মহুবারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত হাসানুর রহমান আত্মগোপনে ছিলেন। পরে রবিবার সন্ধ্যায় তিনি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।




