
খুলনার পূর্ব রূপসার একটি মাছের ঘের থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকার একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২)। তিনি আলাইপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবার মাধ্যমে মাছের ঘেরে একটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, নিহতের ঘাড়ের ডান পাশের কাঁধে দুটি গুলির চিহ্ন রয়েছে। এছাড়া কপাল ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সবুর বলেন, নিহতের বাড়ি আলাইপুরে হলেও তার কোনো স্থায়ী ঠিকানা ছিল না। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে এবং পূর্বের কর্মকাণ্ডও ভালো ছিল না বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।




