
মৌলভীবাজারের রাজনগরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে আটক দুই যুবদল কর্মী রিপন আহমদ ও রামিম আহমদকে পরে শ্রীমঙ্গলের একটি সিএনজি চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে পরদিন সোমবার (২৮ সেপ্টেম্বর) শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাজনগর উপজেলা সদরে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে কলেজ পয়েন্ট এলাকায় একটি গাড়ি তাঁদের চাপা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন রিপন ও রামিম। পরে তাঁরা গাড়িটির পিছু নিয়ে গোবিন্দবাটি এলাকায় সেটির গতিরোধ করেন। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের মৌলভীবাজারের ম্যাজিস্ট্রেট পরিচয় দিলে তাঁদের সঙ্গে রিপন আহমদের অসদাচরণের অভিযোগ ওঠে। পরে পুলিশ রিপন ও রামিমকে আটক করে রাজনগর থানায় নিয়ে যায়।
পরে রাজনগর থানা পুলিশ তাঁদের শ্রীমঙ্গলের একটি সিএনজি চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠায়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে তাঁদের গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে রোববার রাতে রাজনগর থানার সামনে জড়ো হন যুবদল ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা। এ সময় তাঁরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ করেন। একপর্যায়ে থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের ও রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলনের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় নুরুল ইসলাম সেলনসহ বিএনপির আরও নেতাকর্মী থানায় উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে সকালে তাঁদের জামিনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাসের পর বিক্ষুব্ধরা থানা এলাকা থেকে চলে যান।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) আদালতে তাঁদের জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত রিপন আহমদ ও রামিম আহমদের জামিন মঞ্জুর করেন।




