
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হাসপাতালের উদ্যোগে ‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে—এখনই উদ্যোগ নিই, আমি, আপনি ও সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর। এতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসান কবির বাপ্পী, ডা. নাজমুল হক, ডা. হিমাদ্রি শেখরসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
র্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এ সময় বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কুকুর বা অন্য কোনো প্রাণীর কামড়ের পর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নির্ধারিত সময়ে জলাতঙ্কের টিকা গ্রহণের আহ্বান জানান।




