
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির দায়ে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী , একই অভিযানে নকল লাল চিনি বিক্রির অভিযোগে আরও একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ফেনীর সালাউদ্দিন মোড়, বিসিক এলাকা ও বড় বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে এলপিজির বাজার, ভোজ্যতেল ও নিত্যপণ্যের মূল্য এবং সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়। এ সময় বিসিক এলাকায় মেসার্স মক্কা ট্রেডিং কর্পোরেশন নামের বিএম গ্যাসের এক ডিলারকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানসংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত খুচরা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৫৮৫ টাকা। কিন্তু ওই ডিলার পাইকারি পর্যায়ে একই সিলিন্ডার ১ হাজার ৭৩০ টাকায় বিক্রি করছিলেন। তিনি গ্যাসটি ১ হাজার ৫৬০ টাকায় কেনার কথা জানালেও এর স্বপক্ষে কোনো ক্রয় ভাউচার দেখাতে পারেননি।
এ ছাড়া অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রির পাশাপাশি খুচরা বিক্রেতাদের কোনো বিক্রয় ভাউচার দেওয়া হচ্ছিল না। ফলে খুচরা বিক্রেতাদের কাছেও পণ্য কেনার প্রমাণক না থাকায় তারা ইচ্ছামতো মূল্যে ভোক্তাদের কাছে এলপিজি বিক্রি করার সুযোগ পাচ্ছেন বলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান।
এসব কর্মকাণ্ডকে ভোক্তা অধিকারবিরোধী হিসেবে বিবেচনা করে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় মেসার্স মক্কা ট্রেডিং কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ভাউচার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সালাউদ্দিন মোড় এলাকার মেসার্স সায়েম খাদ্য বিতানকে নকল লাল চিনি বিক্রির অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।




