
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। পরে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবার পৌর পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি বড় আকার ধারণ করে।
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
বক্তব্যে মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, ‘পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধূসররা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। আমরা আজকের এই প্রতিবাদ মিছিল-পরবর্তী সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থান আর হবে না।’
তিনি আরও বলেন, ‘খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এ দেশের শান্তিপ্রিয় জনগণ ফাঁসির রায় অবশ্যই কার্যকর করবে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। যারাই দেশে সন্ত্রাস করার চেষ্টা করবে এবং উন্নয়ন ও উৎপাদনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
কয়ছর আহমেদ আরও বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় জগন্নাথপুর-শান্তিগঞ্জও এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে উন্নয়নের ছোঁয়া লেগেছে। সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ দায়রা ও জেলা আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, আব্দুস সোবহান, সুহেল আহমদ খান টুনু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, দিলু মিয়া, শামসুল ইসলাম ও তকবুর মিয়া।
এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম খসরু, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য লুতফুর রহমান, সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, সানোয়ার হোসেন সুনু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন, পৌর বিএনপির সদস্য আছকির আলী, সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ ও সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন উপস্থিত ছিলেন।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




