
পরিবেশ দূষণের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা এলাকায় অবস্থিত গ্রীন এনার্জি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটি অবৈধভাবে দীর্ঘদিন ধরে টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করে আসছিল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ১১ টার দিকে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আল আমিন কবির।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ধল্লা এলাকায় অবস্থিত গ্রীন এনার্জি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করে আসছিল। এতে করে বায়ু ও পরিবেশ দূষণের কবলে পরে জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয় ধল্লাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। এনিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। বিষয়টি দৃষ্টিগোচর হয় উপজেলা প্রশাসনের। এ প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানে সোমবার অভিযান চালান ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আল আমিন কবির বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারায় প্রণীত বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(১) বিধি লঙনের দায়ে গ্রীন এনার্জি লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে আগামী পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কার্যক্রম নির্ধারিত সময়ে বন্ধ না করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



