
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের করলিয়ামুরা বৃহত্তর এগ্রোফার্ম সমবায় সমিতি লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাইশারী ইউনিয়নের করলিয়ামুরা আমতলী বাজার এলাকায় সমিতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা ক্যবুরী মার্মা ও থানচি উপজেলা সমবায় কর্মকর্তা মংখাই মার্মা।
সভায় স্বাগত বক্তব্য দেন বাইশারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সমিতির উপদেষ্টা জালাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মওলানা জামশেদুল ইসলাম। সমিতির ২০তম বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মংলাচিং মার্মা।
এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট নুরুল হুদা, বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিক বসরী, বিএনপি নেতা আব্দুল করিম বান্ডু, মো. আবুল কালামসহ অনেকে।
সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম, আর্থিক হিসাব, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সমিতির নেতৃবৃন্দ বলেন, সমিতির জমি-সংক্রান্ত বিরোধ ও দখলকে কেন্দ্র করে কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
প্রধান অতিথি জাবেদ মীরজাদা বলেন, সমবায় সমিতির মাধ্যমে সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে সমিতির উদ্যোগে অতিথি, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।




