
২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্লাবনভূমি, বর্ষায় প্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার দুপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম. এ. মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামাল উদ্দিন, আব্দুস সোবহান এবং উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান।
এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি সরকারি প্রতিষ্ঠান, একটি বেসরকারি প্রতিষ্ঠান, দুটি এতিমখানা এবং ১২টি ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদের জলাশয়ে মোট ২২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাপ্যতা বাড়ানো এবং স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণে এ ধরনের পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।




