
‘বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে জাতীয় আলতাদিঘী উদ্যানে বিভিন্ন প্রজাতির ২০০টি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর ইশতেহারে ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুকের নেতৃত্বে জাতীয় আলতাদিঘী উদ্যানের বিভিন্ন স্থানে এসব বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম মবিন, কলেজ শাখার সহসভাপতি শামিনুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাকিম রহমান, আড়ানগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শাহারিয়া ইসলাম, পৌরসভা ছাত্রদল নেতা ফয়সাল আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।




