
গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ৫২ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আরমান হোসেন (২৩), আওয়ামী লীগ কর্মী গোলাপ (৪২), রাকিব (১৮) ও সুমন (১৮)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সরকার বিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাদাম বালুর মাঠের দক্ষিণ পাশের টিনসেড বাড়ির ভিতর থেকে তিনজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে মধ্য রাতে পৃথক অভিযানে চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




