
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিস যেনো দুর্নীতির আখঁড়ায় পরিনত হয়েছে। ঘুষ ছাড়া কোন কাজই হয়না ওই অফিসে। টাকায় যেন কথা বলে ও ফাইল খুলে। এবার এই টাকায় মিথ্যা তদন্ত প্রতিবেদন দিয়ে সর্বচ্চো হয়রানি করছে এক ভুক্তভোগী পরিবারকে।
এর প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাব কুতুবদিয়া স্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে মীর খাতুনের স্বামী লেদু লিখিত বক্তব্য পাঠান করেন।
তিনি বলেন, রিভিউ নামজারি মিচ মামলা নং- ৫৩/২০২২-২৩ ইং এর প্রেক্ষিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন, তাতে উল্লেখ করা হয়েছে যে উভয় পক্ষকে নোটিশ এবং সরেজমিন তদন্ত করা হয়েছে। কিন্তু বাস্তবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তদন্তকালে আমাকে বা অন্য কোনো বিবাদীকে কোনো প্রকার লিখিত বা মৌখিক নোটিশ প্রদান করেন নি। এমনকি আমাদের অনুপস্থিতিতেই একপাক্ষিক ও বাদীর পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে অন্যায়ভাবে এই প্রতিবেদন দিয়েছেন। শুনানির সুযোগ না দিয়ে এবং বিবাদীগণের স্বত্ব, মালিকানা ও দখলের প্রকৃত তথ্য গোপন রেখে সরেজমিনে সঠিক পরিস্থিতি পর্যালোচনা ছাড়াই এই মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন। যা স্বাভাবিক ন্যায়বিচারের পরিপন্থী। ঘুষখোর তহসিলদার গিয়াস উদ্দিনের দেওয়া মিথ্যা প্রতিবেদন যাচাই-বাছাই এর মাধ্যমে পুনঃতদন্ত ও ঘুষখোর তহসিলদারের বিচারের দাবি জানিয়েছেন এ ভুক্তভোগী পরিবার। তিনি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বড়ঘোপ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার (তহসিলদার) গিয়াস উদ্দিনের সাথে কথা হলে তিনি ঘুষ নেন নি এবং কাগজপত্র যাচাই-বাছাই মাধ্যমে রিপোর্ট দিয়েছেন বলে জানান।
অন্যদিকে, কুতুবদিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী আসিফ বলেন, ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।



