
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিনা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরী তার নানা বাড়ি পাঁচবাগ ইউনিয়নের উত্তরহারিনা গ্রামে বেড়াতে আসে। ঘটনার দিন বিকেলে নানা বাড়ির পেছনে পাতা কুড়াতে যায়।এসময় ধর্ষক কিশোরীকে ফুসলিয়ে বাড়ির পাশে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কিশোরী (১২) পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার সাহেদল গ্রামের হুমায়ন কবিরের মেয়ে।
এ ঘটনায় নানা জসিমউদদীন বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর রাতে পাগলা থানায় ধর্ষক সাব্বিরকে আসামি করে মামলা দায়ের করেন। সে দক্ষিণ হারিনা গ্রামের রফিক মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম (ওসি) জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




