
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী, গীতিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় সদস্য এবং টাঙ্গাইলের ভূঞাপুরে রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা প্রবীণ রাজনৈতিক ব্যক্তি সালাম পারভেজ ফকিরের জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। মরহুম বীরমুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের চাচা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাদ জোহর উপজেলার নিকরাইল পলশিয়া রানী দিনমনী উচ্চ বিদ্যালয় মাঠে সালাম পারভেজ ফকিরের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নিকরাইলস্থ নলুয়া কবরস্থানে বীরমুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত স্থানে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় ফুলেল শ্রদ্ধা ও গার্ড অব অর্নার প্রদান করেন।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন- টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল জেলা বিএনপি'র সভাপতি হাসানুজ্জামান শাহীন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করির, উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, ধনবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান প্রমুখ। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, মরহুম সালাম পারভেজ ফকির ও আমি চাচা ভাতিজা হলেও তিনি ছিলেন আমার বন্ধুর সমতুল্য। তিনি ’৭১-এর সূর্য সৈনিক। বাল্যকাল থেকে একসাথেই বড় হয়েছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি, তিনি তাদেরই একজন। তিনি আজ আমাদের মাঝে নেই। আমরাও সকলে একদিন চলে যাবো। তার আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চাই।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির উচ্চ রক্তচাপ, ডায়বেটিসসহ নানা জটিলরোগে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (২৫ সেপ্টেম্বর) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে, আত্নীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




