
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের মিয়ারহাট বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অভিযোগে দুই ফার্মেসি ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ারহাট বাজারে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী দুই ফার্মেসি ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার বিষয়টি শনাক্ত করা হয়। এ অপরাধে ফার্মেসি ব্যবসায়ী মো. রুহুল আমীনকে ১০ হাজার টাকা এবং শহিদ ইসলামকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের মাধ্যমে ওষুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুত ও বিক্রি প্রতিরোধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ওষুধ যাতে বাজারে বিক্রি না হয়, সে বিষয়ে ভবিষ্যতেও নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, বাজারে ফার্মেসিগুলোতে নিয়মিতভাবে ওষুধের মেয়াদ পরীক্ষা এবং সংরক্ষণব্যবস্থা তদারকি করা হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব হবে।




