
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপি।
মঙ্গলবার বিকেলে মহানগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলীপাড়া এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, “বিগত ১৫ বছরে অবৈধভাবে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশের মানুষের ওপর সীমাহীন অত্যাচার, নির্যাতন, অগণিত গুম ও গণহত্যা চালিয়েছে। তাদের আর বাংলাদেশে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নেই।”
বিশেষ অতিথির বক্তব্যে দলটির নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা সেখান থেকেই বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে নানা চক্রান্তে লিপ্ত রয়েছেন। বর্তমানে দেশের ভেতরে তাদের গুপ্তচরদের মাধ্যমে হত্যা, অগ্নিসংযোগ ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে দেশের সচেতন জনগণ তাদের এই অপরাজনীতি রাজপথেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এড. শহীদুজ্জামান, আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, রকিব উদ্দিন সরকার পাপ্পু, প্রভাষক বশির, সরকার জাবেদ সুমন, মোফাজ্জল চেয়ারম্যান, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, সুরুজ আহমেদ, বশির আহমেদ বাচ্চু, কিরণ, গাজী সালাহউদ্দিন, জয়নাল আবেদীন তালুকদার, সাহাদাত হোসেন শাহীন, আরিফ হাওলাদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।




