
গাজীপুরের শ্রীপুর থেকে অপহৃত ১৯ বছর বয়সী তরুণ মোঃ শুভ মিয়া (১৯)-কে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা এই সংঘবদ্ধ অপহরণ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহৃতের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আনুমানিক ৬৫ হাজার টাকা মূল্যের একটি আইফোন-১২ প্রোর ম্যাক্স।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সকাল ৮টায় শ্রীপুর থানার মাওনা এলাকা থেকে নিখোঁজ হন ময়মনসিংহের নান্দাইল থানার আমোদপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে শুভ মিয়া। পরদিন ৬ সেপ্টেম্বর তার ভগ্নিপতি মোঃ ইসলাম উদ্দিন শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পরপরই অপহরণকারীরা স্বজনদের কাছে মোবাইলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করতে থাকে।
পরবর্তীতে ইসলাম উদ্দিন বাদী হয়ে মাহাদী কাশিম রিজভী ওরফে রিকিশী (২৩)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আবুল হাসান হাওলাদারকে।
গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল গত ৯ সেপ্টেম্বর বিকেল ৬টায় ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের সহায়তায় গফরগাঁও পৌরসভার পল্লী বিদ্যুৎ মোড় এলাকা থেকে ভিকটিম শুভ মিয়াকে উদ্ধার করে।
উদ্ধারকৃত শুভ মিয়ার দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মহানগরী, গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণচক্রে জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ মামুন মিয়া (৩২), মোঃ ফাহিম (২৬) ও মোঃ বেলায়েত হোসেন (২৫)।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।




